যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে বিদেশি পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দিতে হতে পারে—এমন এক নতুন প্রস্তাব উন্মোচন করেছে মার্কিন কর্তৃপক্ষ।

এই নিয়ম কার্যকর হলে ভিসা ছাড়াই ESTA (Electronic System for Travel Authorization) ফরম পূরণ করে ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভ্রমণের যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক হতে পারে। এতে যুক্তরাজ্যসহ প্রায় ৪০টি দেশের ভ্রমণকারীরা প্রভাবিত হবেন।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব এমন সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার উদ্যোগ নিয়েছেন।

আগামী বছর যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক অনুষ্ঠিত হবে। এসব বড় ইভেন্ট সামনে রেখে দেশটি বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমন আশা করছে।

প্রস্তাবিত নিয়মটি মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) পক্ষ থেকে দাখিল করা হয়েছে। এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ হয়েছে, যা যুক্তরাষ্ট্র সরকারের সরকারি নথিপত্র প্রকাশের প্ল্যাটফর্ম।

প্রস্তাবনায় বলা হয়েছে, “নতুন তথ্যসংগ্রহের অংশ হিসেবে ESTA আবেদনকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া তথ্য দিতে হবে।” তবে কোন প্ল্যাটফর্ম বা কী ধরনের তথ্য প্রয়োজন হবে, তা পরিষ্কার করা হয়নি।

বর্তমানে ESTA ফরম খুব সীমিত তথ্য ও ৪০ ডলারের এককালীন ফি দিয়ে পূরণ করা যায়। এটি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের দুই বছরের মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেয়।

সোশ্যাল মিডিয়া তথ্য ছাড়াও প্রস্তাবিত নিয়মে আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত ফোন নম্বর, গত ১০ বছরের ইমেইল ঠিকানা, এমনকি পরিবারের সদস্যদের সম্পর্কেও অতিরিক্ত তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে।

Top of Form

Bottom of Form

Share.
Exit mobile version