ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলম।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বিকাল ৫টায় যমুনায় পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন আসিফ মাহমুদ। সেখানে তিনি তার সময়ে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি আগেই বলেছি, আমার নির্বাচন করার ইচ্ছে আছে। তবে কোন আসন থেকে করব, সেটা এখনো ঠিক করিনি।”

পদত্যাগ করেছেন কিনা কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।”

নির্বাচন করতে কিছুদিন আগে কুমিল্লা থেকে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। ঢাকা-১০ আসনে নির্বাচন করার কথা রয়েছে তার।

অন্যদিকে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসনের ভোটার। তিনি বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও সেখানে এখন অন্য প্রার্থী দিচ্ছে বিএনপি।

Share.
Exit mobile version