টরন্টো ও আশপাশের এলাকায় তীব্র তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এনভায়রনমেন্ট কানাডা টরন্টোসহ প্রদেশের বৃহৎ অংশে বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করেছে। শহরের বিভিন্ন স্থানে ১০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে, আর গ্রেটার টরন্টো এরিয়ার (GTA) কিছু এলাকায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
টরন্টো স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাতের কারণে সড়কে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় এখন পর্যন্ত গ্রেটার টরন্টো ও হ্যামিল্টন এলাকায় (GTHA) ১৫০টির বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা অত্যন্ত পিচ্ছিল হওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তুষারঝড়ের প্রভাবে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়া হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নগরজুড়ে বিভিন্ন ওয়ারমিং সেন্টার খোলা রাখা হয়েছে, যাতে গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষরা আশ্রয় নিতে পারেন।
পাশাপাশি, টরন্টো ট্রানজিট কমিশন (TTC) জানিয়েছে যে তুষারপাতজনিত কারণে কয়েকটি বাস রুট সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে, যেকোনো গণপরিবহনে বাড়তি সময় নিয়ে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে।
পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। নাগরিকদের পরিস্থিতির আপডেট জানতে নিয়মিত আবহাওয়ার খবর অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
