ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর রাতভর চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা ১২ ঘণ্টা ধরে এই হামলা চালানো হয়। এ সময় রুশ বাহিনী প্রায় ছয় শতাধিক আকাশাস্ত্র ব্যবহার করে।

জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় মোট ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, এই হামলায় কিয়েভের কয়েকটি আবাসিক ভবন এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কিয়েভের শহরতলি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। রয়টার্সের সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেশ কয়েকটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্ররা রয়টার্সকে জানিয়েছেন, তাদের অভিযান শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এবং কোনো বেসামরিক এলাকায় হামলা করা হয়নি। অন্যদিকে, ভলোদিমির জেলেনস্কি তার বার্তায় যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জি৭ ও জি২০ জোটকে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Share.
Exit mobile version