বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র পানি সংকটের জেরে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকারের পদত্যাগের দাবিতে তরুণ প্রজন্মের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিক্ষোভকারীরা আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত হন। জাতীয় সংগীত গাইতে গাইতে প্ল্যাকার্ড হাতে তারা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন এবং ইট, পাথর ও টেলিফোনের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন। দেশটির টেলিভিশন চ্যানেল ‘২৪২৪ এমজি’-তে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে এবং সড়কের ব্যারিকেড তুলে ফেলছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার এবং প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন।
এদিকে, বিক্ষোভকারীদের চাপের মুখে নিজের শাসনামলে ভুলের কথা স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রোববার রাজধানী আন্তানানারিভোর আনোসিবে এলাকায় দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, ‘‘যদি কোনও ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি।’’ উল্লেখ্য, গত শুক্রবার ওই এলাকাটিতে বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল।
কেনিয়া ও নেপালের সাম্প্রতিক ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এই বিক্ষোভ সংগঠিত করছেন। সহিংসতা ছড়িয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে কারফিউ জারি রয়েছে। নেপালের সফল ‘জেন-জি’ আন্দোলনের প্রতীকী পতাকাও ব্যবহার করতে দেখা গেছে মাদাগাস্কারের বিক্ষোভকারীদের।

