যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের এক আকস্মিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এই পদক্ষেপের কথা জানান।

ট্রাম্প অভিযোগ করেন, অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাণ শিল্পকে ছিনিয়ে নিয়েছে। এটিকে তিনি ‘শিশুর কাছ থেকে চকলেট কেড়ে নেওয়ার মতো’ বলে মন্তব্য করেন। এর আগে গত মে মাসে তিনি চলচ্চিত্র শিল্পের ওপর শুল্ক আরোপের ইঙ্গিত দিলেও সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, যা খাত সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিল।

এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন নেটফ্লিক্সের শেয়ারের দর ১.৪ শতাংশ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারের দর ০.৬ শতাংশ হ্রাস পায়।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বিদেশি পণ্যের ওপর আগ্রাসী শুল্কনীতি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এর আগে আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রীর ছোট আলমারির ওপর ৫০ শতাংশ এবং অন্যান্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি করে না, তাদের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক বসানো হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Share.
Exit mobile version