চলতি বছরের মে মাসে গ্রেপ্তার ও কারামুক্তির পর এবার কানাডার মঞ্চে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) আয়োজিত সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। মন্ট্রিয়লে অনুষ্ঠিত এই আয়োজনে নিজের পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এই তারকা।

গ্রেপ্তারের ঘটনার পর থেকে গণমাধ্যমে অনেকটা নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ফারিয়া। কানাডায় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে তিনি ফেসবুকে আত্মবিশ্বাস ও ঘুরে দাঁড়ানো নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘মানুষ বলবে—সে এমন, সে তেমন…। কিন্তু বিশ্বাস করুন, আসলে আপনি জানেনই না, সে কী দিয়ে গড়া। প্রতিদিন ভাঙা ভাঙা টুকরো কুড়িয়ে সে নিজেকে আবার গড়ে তোলে, নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করে, আর সৃষ্টি করে আরও দৃঢ় এক রূপ। যখনই আপনি বুঝবেন, তখন দেখবেন—সে শুধু শক্তিশালী নয়, সে আসলেই অকৃত্রিম শক্তির প্রতিমূর্তি। সেটাই আমি!’

উল্লেখ্য, গত মে মাসে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে যে নালিশি মামলা করেন, সেখানে ফারিয়া সহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হওয়ার দুই সপ্তাহ পর ফারিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পরদিন অবশ্য তিনি কারামুক্ত হন। সে সময় শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ফারিয়া।

Share.
Exit mobile version