দেশের জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব স্থাপন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের সিলেবাসকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি করা।
রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জনস্বাস্থ্য শিক্ষায় দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের বিষয়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে।
এই অংশীদারত্ব প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের সিলেবাস বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়ন করা হবে। এর পাশাপাশি প্রোগ্রাম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ বিন্যাস, ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য গবেষণায় যৌথ উদ্যোগ নেওয়া হবে।”
উপাচার্য আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় শিগগিরই নিজস্ব এমপিএইচ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যার জন্য অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের সম্পদ এবং আন্তর্জাতিক সংযোগ কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা এমপিএইচ প্রোগ্রাম উপহার দিতে পারবে।”
অধ্যাপক আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ধারণা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো কেবল বোর্ড হিসেবে কাজ করে না বরং গবেষণাগার, জাতীয় ও আন্তর্জাতিক সেন্টার ও উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।” তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির উদাহরণ টেনে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক গবেষণা ও উচ্চশিক্ষা কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।

