আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে এশিয়া সফরের অংশ হিসেবে হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শি জিনপিংয়ের সঙ্গে এটিই তার প্রথম মুখোমুখি বৈঠক। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শুক্রবার রাতে ট্রাম্প মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন এবং আসিয়ান নেতাদের এক নৈশভোজে যোগ দেবেন। এরপর জাপানে পৌঁছে মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন মার্কি প্রেসিডেন্ট।

বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবেন ট্রাম্প। সেখানেই বৃহস্পতিবার সকালে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক নির্ধারিত হয়েছে। এর আগে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সিইও সম্মেলনে ভাষণ দেবেন।

গত অক্টোবরের শুরুতে চীন বিরল খনিজ রফতানিতে বড় ধরনের সীমাবদ্ধতা আরোপের পর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার নেয়। এর জবাবে ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প আশাবাদী মন্তব্য করে বলেছেন যে বেইজিংয়ের সঙ্গে একটি বাণিজ্যচুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি বৈঠকটি ভালোভাবে হবে এবং সবাই এতে সন্তুষ্ট হবেন।

ট্রাম্প বলেন, বৈঠকে ফেন্টানিল নিয়ে শি-কে তার প্রথম প্রশ্ন করা হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ফেন্টানিল তৈরির কাঁচামাল রফতানি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বরাবর এই অভিযোগ মানতে চায়নি চীন।

Share.
Exit mobile version