মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ক্ষমতার ‘নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন না করতে পারা পর্যন্ত’ ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’ যুক্তরাষ্ট্র।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা জানান।
নিজের মার-এ-লাগো স্টেটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার ‘অংশীদারিত্ব’ দেশটির জনগণকে ‘ধনী, স্বনির্ভর ও নিরাপদ’ করবে।
তিনি আরও বলেন, এতে যুক্তরাষ্ট্রে বসবাস করা ভেনেজুয়েলানরা ‘অত্যন্ত সন্তুষ্ট’ হবে।
“তারা আর দুর্ভোগ পোহাবে না,” সংবাদ সম্মেলনে বলেন তিনি।
ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। ‘বিপুল পরিমাণ অবৈধ ওষুধ’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য মাদুরোকে দায়ী করেন তিনি।
মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকা ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের চক্রকে বোঝাতে শিথিলভাবে সংজ্ঞায়িত নাম ‘কারতেল দে লোস সোলেস’ব্যবহার করে যুক্তরাষ্ট্র। বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা ‘কারতেল দে লোস সোলেস’ মাদুরোই ‘পরিচালনা করতেন’ বলে অভিযোগ ট্রাম্পের।
এর আগে ওয়াশিংটনের এ অভিযোগ মাদুরো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন; জানিয়েছে বিবিসি।
ট্রাম্প আরও জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রী নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়া মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমাতে আছেন।
‘শিগগিরই’ নিউ ইয়র্ক ও মায়ামির মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

