রমজানের আদর্শে উব্ধুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “ঈদ মোবারক! প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এল পবিত্র ঈদ-উল-ফিতর।

“প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।”

এক মাস রোজার পর শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন তারেক রহমান।

ভিডিও বার্তায় তিনি বলেন, “ঈদুল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।”

Share.
Exit mobile version