মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত প্রশমনে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক—এমনটাই জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের মতে, যুদ্ধের বিস্তার ঠেকাতে আঙ্কারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তুরস্ক ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান করছে এবং উত্তেজনা কমানোর পথ খুঁজতে কাজ করছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পাশাপাশি আরও কয়েকটি দেশও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সম্ভাব্য আলোচনার স্থান হিসেবেও তুরস্কের নাম উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি বাজারসহ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে তুরস্কের মধ্যস্থতার উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা, যদিও এখনো সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে আন্তর্জাতিক মহলও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।
সূত্র: রয়টার্স


