বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প ব্যবস্থা খুঁজতে আলোচনায় বসেছে ওমান ইরান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে।

শনিবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরাও অংশ নেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমান জানায়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে প্রণালিটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা একাধিক পরিকল্পনা ও প্রস্তাব তুলে ধরেছেন, যা পর্যালোচনা করা হবে।

গত ফেব্রুয়ারিতে ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর থেকে কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে তেহরান। এর মধ্যেই রোববার ওমানের তিনটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তেলবাহী দুটি সুপারট্যাংকার এবং একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ছিল।

এর আগে এক ইরানি কর্মকর্তা জানান, প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং তদারকি জোরদারে একটি যৌথ প্রটোকল তৈরির কাজ চলছে। এর পরপরই ওমানের জাহাজ চলাচলের এই খবর সামনে এলো।

ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির উত্তরাংশ ইরানের এবং দক্ষিণাংশ ওমানের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বর্তমানে কেবল বন্ধুত্বপূর্ণ বা জরুরি পণ্যবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে। তবে দুই দেশের আলোচনায় প্রণালিটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা চলছে।

ওমান মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের উপকূল ঘেঁষে বিকল্প নৌপথ তৈরির প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখা যায়। অন্যদিকে ইরান প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখে কৌশলগত চাপ ধরে রাখার অবস্থানেই রয়েছে।

Share.
Exit mobile version