গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি প্রধান প্রতিবন্ধকতার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদনটিতে বিনিয়োগের বাধা হিসেবে অপর্যাপ্ত অবকাঠামো, অর্থায়নের সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি প্রতিষ্ঠানের ওপর অন্যায্য করের বোঝা এবং দুর্নীতিকে দায়ী করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গত এক দশকে বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতা কমাতে বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতি অর্জন করেছে। বিদ্যুৎ পরিষেবার উন্নতির প্রচেষ্টাকে এর উদাহরণ হিসেবে দেখানো হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক সংস্কারের কাজ শুরু করে। তবে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, নতুন সরকার সংস্কার কাজ শুরু করলেও দৈনন্দিন নিয়ন্ত্রক কার্যক্রমে এখনও বড় কোনো পরিবর্তন আসেনি।

Share.
Exit mobile version