বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম; আর সেক্রেটারি জেনারেল হয়ছেন সিবগাতুল্লাহ।

শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটে নতুন সভাপতি নির্বাচন করা হয়।

ইসলামী ছাত্রশিবিরের ফেইসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে, “২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন।”

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় লেখাপড়া করছেন তিনি।

সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়া সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তবে ২০২৫ সেশনে কেন্দ্রীয় শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে লেখাপড়া শেষ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন তিনি।

Share.
Exit mobile version