ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তাদের মধ্যে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদের স্ত্রী রয়েছেন।
এক বার্তায় দিয়েছে পুলিশের বিশেষ ইউনিট জানায়, রোববার রাতে তাদের নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।
এ নিয়ে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। এর আগে গুলির সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করে তারা। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
অপরদিকে হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।
চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

