ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শুক্রবার পালিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের বিভিন্ন শহরে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে বিপুল সংখ্যক মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তার নিহত বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।
এদিকে এমন এক সময় এই বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ হুমকি দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।
তথ্যসূত্র: সিএনএন


