মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ২৪ টাকা ৭৯ পয়সা, যা প্রায় ১২ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার করা হয়েছে। এতে লিটারপ্রতি ১৯ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারদর ও গড় প্ল্যাটস রেটের ভিত্তিতে এপ্রিল মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্চ মাসেই দুই দফায় জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সায় উন্নীত করা হয়েছিল। আন্তর্জাতিক রুটেও একই সময়ে বড় ধরনের বৃদ্ধি আসে।
তারও আগে ৮ মার্চ মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে দাম ছিল ১১২ টাকার নিচে, যা মার্চ শেষে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক রুটেও কাছাকাছি হারে বৃদ্ধি দেখা যায়।
তবে বছরের শুরুতে, জানুয়ারিতে, জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন বিইআরসি বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ক্ষেত্রেই মূল্য কমিয়েছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং এশিয়ার বাজারে অস্থিরতা জেট ফুয়েলের দামে এই উল্লম্ফনের পেছনে বড় কারণ।
এর আগে মূল্যবৃদ্ধির সমালোচনা করে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) সিদ্ধান্তটিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছিল।
খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন এই মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনার ব্যয় আরও বাড়বে, যার প্রভাব পড়তে পারে যাত্রী ভাড়ার ওপরও।

