বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তারা হলেন-চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।
প্রেস সচিব বলেন, “একুশে পদকের সিদ্ধান্ত হয়ে গেছে। এ বছর যারা একুশে পদক পেতে যাচ্ছেন, তাদের নাম আমি ঘোষণা করছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদকটা দেন।”
একুশে পদক চূড়ান্ত করার সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

