মুসলিম দেশগুলোকে নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্যের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক চুক্তিটিই এই বৃহত্তর জোটের ভিত্তি হতে পারে।

চুক্তিটির গুরুত্ব তুলে ধরে ইসহাক দার বলেন, “সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ। অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায়। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও দেশ এতে যোগ দিলে এটি একটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে। দার আরও বলেন, “আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।”

এই চুক্তির কৌশলগত তাৎপর্য বোঝাতে পররাষ্ট্রমন্ত্রী গত মে মাসে ভারতের সঙ্গে সংঘটিত ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, চার দিনব্যাপী ওই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় যদি সৌদি আরবের সঙ্গে এই চুক্তিটি থাকত, তবে পাকিস্তানের ওপর ভারতের হামলাকে সৌদির ওপর হামলা হিসেবেই গণ্য করা হতো।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, কোনো দেশ পাকিস্তান বা সৌদির ওপর হামলা চালালে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সুরক্ষাবলয়ের নিচে চলে এসেছে সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে, কোনো আক্রমণের জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। (সূত্র: দ্য নিউজ পিকে)

Share.
Exit mobile version