ভারতে প্রবেশে বিদেশি নাগরিকদের জন্য প্রচলিত কাগজের ‘ডিসএমবারকেশন’ ফরম পূরণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে এর পরিবর্তে চালু হবে অনলাইনভিত্তিক ‘ই-অ্যারাইভাল কার্ড’ ব্যবস্থা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করা।

নতুন এই নিয়মের ফলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে ফরম পূরণের জন্য লাইনে দাঁড়াতে হবে না, যা তাদের মূল্যবান সময় বাঁচাবে। মূলত, কাগজের ফরম পূরণের পুরোনো পদ্ধতিকে ডিজিটালাইজেশনের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের অনেক দেশেই বর্তমানে এ ধরনের ডিজিটাল ব্যবস্থা প্রচলিত রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের যাত্রার পাঁচ দিনের মধ্যে সরকারি পোর্টালে (indianvisaonline.gov.in/earrival) গিয়ে ই-অ্যারাইভাল কার্ডের জন্য আবেদন করতে হবে। এই পোর্টালে যাত্রীর নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, ভারতে আগমনের তারিখ ও ভ্রমণের উদ্দেশ্যের মতো তথ্য পূরণ করতে হবে।

এর পাশাপাশি, ভারতে থাকাকালীন ঠিকানা, ইমেইল, যোগাযোগের নম্বর, জরুরি প্রয়োজনে যোগাযোগের বিবরণ এবং বিগত ছয় দিনে অন্য কোনো দেশ ভ্রমণ করেছেন কি না, সেই তথ্যও সরবরাহ করতে হবে। অনলাইনে সব তথ্য জমা দেওয়ার পর আবেদনকারী তার ই-অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ পাবেন, যা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখাতে হবে।

Share.
Exit mobile version