পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ সার্বজনীন দুর্গামন্দিরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সারজিস আলম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ মুখ্য হয়ে উঠবে।” নিজ নিজ ধর্ম পালনের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতি মেনে চলব এটা যেমন সত্য, তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ।”

অনেক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির না থাকার বিষয়টি তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, সমাজে কোনো গোষ্ঠী যখন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়, তখনই বৈষম্য তৈরি হয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। তিনি বলেন, “আমরা চাই এই সম্পর্কের ছেদটা যেন না থাকে।”

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে তাদের শুভেচ্ছা জানাতে ও খোঁজখবর নিতেই তাঁর এই সফর বলে তিনি উল্লেখ করেন। সারজিস আলম আরও বলেন, মানুষের মধ্যকার বন্ধন শক্তিশালী হলে দেশ নিরাপদে এগিয়ে যাবে এবং দেশ-বিদেশের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সহজ হবে।

এনসিপির পক্ষ থেকে সীমিত পরিসরে হলেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, উদার মানসিকতা নিয়ে কাজ করলে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

Share.
Exit mobile version