অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বাল্যবিবাহের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। তাঁর মতে, সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় বাল্যবিবাহের হারে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
সোমবার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘রোড টু রিকগনিশন: আ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের অগ্রগতির এই বৈপরীত্য তুলে ধরে বলেন, শিশুমৃত্যুর হার দ্রুতগতিতে কমানো এবং গড় আয়ু বৃদ্ধিতে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। এর পেছনে নারী কর্মীদের ভূমিকাকে কৃতিত্ব দিলেও তিনি উল্লেখ করেন যে, নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, আইনি সহায়তা এবং সম্পত্তির অধিকারে বাংলাদেশ আফ্রিকার অনেক দেশের চেয়েও পিছিয়ে আছে।
বিভিন্ন গবেষণা নিবন্ধের তথ্য উল্লেখ করে তিনি জানান, দেশের ৬০ থেকে ৭০ শতাংশ নারী গণপরিবহনে কোনো না কোনো ধরনের কটূক্তি বা অবমাননার শিকার হন।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, অনেক জেলায় নারী জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা পুরুষদের চেয়ে বেশি সক্ষমতা দেখাচ্ছেন, কারণ নারীদের সমঝোতা করার ক্ষমতা ভালো। একইসঙ্গে তিনি কর্মক্ষেত্রে নারীদের জন্য দিবা-যত্ন কেন্দ্র স্থাপন এবং নতুন প্রজন্মের তরুণদের মধ্যে নারীর প্রতি সম্মান ও মূল্যবোধ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাস্তাঘাট ও যানবাহনে নারীরা যেন অসম্মানের শিকার না হন, সে বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।

