অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

বিটিভিতে সম্প্রচারিত ভাষণে তারেক রহমান বলেন, “বিদেশ থেকে দেশে ফিরে স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি। আপনাদের ভালোবাসা পেয়েছি, বিএনপির প্রতি আপনাদের আবেগ ও সমর্থন উপলব্ধি করেছি। ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন।”

তিনি বলেন, “অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনার সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”

আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থন চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আমি আপনাদের সমর্থন চাই।”

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের জন্য, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের ভোট ও সমর্থন চাই।”

ভাষণে তারেক রহমান বলেন, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে জবাবদিহির আওতায় আনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ সরকার। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে।”

আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, “দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটি দেশবাসীর কাছে আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।”

Share.
Exit mobile version