প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রথমবারের মত সম্পদের বিবরণী প্রকাশ করেছেন।

এতে  সবচেয়ে বেশি সম্পদ বাণিজ্য উপদেষ্টার এবং সবচেয়ে কম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের।

প্রধান উপদেষ্টা, উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদা অনুযায়ী অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা ২৭ জনের মধ্যে ২৫ জনের সম্পদ বিবরণী মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় উপদেষ্টাদের সঙ্গে তাদের স্বামী বা স্ত্রীদের সম্পদের বিবরণীও প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের সম্পদের বিবরণী দেননি। এ বিষয়ে মন্তব্যের ঘরে বলা হয়েছে, আলী রীয়াজ ১৫ নভেম্বর থেকে উপদেষ্টার পদমর্যাদায় যোগ দিয়েছেন এবং লুৎফে সিদ্দিকী সরকারি সুবিধাদি গ্রহণ করেন না।

মন্ত্রি পরিষদ বিভাগ প্রকাশিত বিবরণীতে ২০২৪ সালের জুন এবং ২০২৫ সালের জুন পর্যন্ত উপদেষ্টা এবং তাদের স্বামী বা স্ত্রীর মোট সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়েছে।

বিবরণী অনুযায়ী, বর্তমান ও সাবেক উপদেষ্টাদের মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পরিসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। তার প্রায় ৯১ কোটি ৬৫ লাখ টাকার পরিসম্পদ রয়েছে।

সর্বনিম্ন সম্পদের মালিক সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। তার পরিসম্পদের পরিমাণ প্রায় পৌনে ১৩ লাখ টাকা।

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।

Share.
Exit mobile version