বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থীতার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

আর বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ এর বদলে ভোলা ১ আসনে জোটের প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানান সালাহউদ্দিন।

পার্থের তরফে এদিন ভোলার এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তিনি ঢাকা ১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ আসনে এতদিন কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

প্রথমবার বিএনপি যখন ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তখন শুধু খালেদা জিয়া একটির বেশি আসনে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রায় এক যুগ নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগে শুধু বগুড়া ৬ আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

তখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়েছিল।

এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে বনানী-গুলশান-বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছিল। তারেক রহমান এ আসনে প্রার্থী হওয়ায় এখন পার্থ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নিজের বাড়ি ভোলা-১ আসনে পার্থ নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন।

Share.
Exit mobile version