শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিতের জন্য যদি এক মাসও শাহবাগে থাকতে হয়, তারা থাকবেন

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শনিবার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও যদি আশ্বাস দেন, আমরা রাজপথ ছাড়ব না। আমরা বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব। হাদি হত্যার বিচারের জন্য যদি এক মাসও থাকতে হয়, আমরা থাকব। রাজপথ ছাড়ব না।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও যোগ দিয়েছেন। তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে।

অবস্থান চলাকালে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন এলাকায় নেতা–কর্মীদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অবস্থান সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে চলে যান ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। কবর জিয়ারত শেষে তারেক রহমান ফিরে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তারা আবার শাহবাগে অবস্থান নেন। তার পর থেকে তারা শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছেন।

বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবকেরা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। পরীক্ষা শেষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকে এ কর্মসূচিতে অংশ নেন।

Share.
Exit mobile version