দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে।
এসময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি সিলেট হয়ে এটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর সূচি বৃহস্পতিবার ১১টা ২০ মিনিটে।

তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির এই নেতা বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।
এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে ফিরবেন।