বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সম্মানে’ ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।
মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
সরওয়ার হোসেন বলেন, ঢাকা-১৭ আসন, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, গুলশান এবং বনানী এলাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাকে অযোগ্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে আপিলে প্রার্থিতা ফেরত পান।
কিন্তু মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “একই আসনে শেষ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রার্থিতা ঘোষণা করেছেন, এবং তিনি এই আসনে কম্পিটিশন করছেন।
“আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, লালন করি, পালন করি; বেগম জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, জেল খেটেছি, আদর্শ ধারণ করেছি। আমি তার সম্মানে, জনাব তারেক রহমানের সম্মানে এবং তার সমর্থনে আমার প্রার্থিতা আজকে প্রত্যাহার করেছি।”

