অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে উৎসাহ দিতে নতুন প্রণোদনামূলক কর্মসূচি ঘোষণা করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার কর্মসূচির বিস্তারিত তুলে ধরে।

ঘোষণা অনুযায়ী, ভারত, চীন ও কলম্বিয়ার অভিবাসীরা নিজ দেশে স্বেচ্ছায় ফিরে গেলে সর্বোচ্চ ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবেন। এছাড়া তাদের দেশে ফেরার বিমানের টিকিটের খরচও বহন করবে যুক্তরাষ্ট্র সরকার।

এই কর্মসূচির প্রচারে ডিএইচএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিভিন্ন প্রচারপত্র প্রকাশ করেছে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর ঐতিহাসিক স্থাপনার ছবি ব্যবহার করে অভিবাসীদের দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

ডিএইচএস জানিয়েছে, “সিবিপি হোম” অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফিরলে বিনামূল্যে বিমান টিকিটের পাশাপাশি ২ হাজার ৬০০ ডলারের প্রণোদনা দেওয়া হবে।

স্বেচ্ছায় প্রত্যাবাসনে উৎসাহ দিতে চার ধরনের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে—

  • অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন—এমন অভিবাসীদের ক্ষেত্রে আইন প্রয়োগ ও আটক প্রক্রিয়ায় শিথিলতা দেখানো হবে
  • নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়ার কারণে যে জরিমানা আরোপ করা হয়েছে, তা মওকুফ করা হবে
  • সাধারণ যাত্রীর মতো স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে; গ্রেপ্তার বা শারীরিক হয়রানি করা হবে না
  • চূড়ান্ত বহিষ্কার আদেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেও স্বেচ্ছায় ফিরে গেলে সেই জরিমানাও বাতিল করা হবে

বিশ্লেষকদের মতে, কঠোর অভিবাসন নীতির পাশাপাশি এবার প্রণোদনা দিয়ে ‘স্বেচ্ছায় প্রত্যাবাসন’ বাড়াতে চায় ট্রাম্প প্রশাসন। এতে একদিকে প্রশাসনিক চাপ কমবে, অন্যদিকে জোরপূর্বক বহিষ্কারের বিতর্কও এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Share.
Exit mobile version