ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে বার্মিংহামে বাংলাদেশ সাহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব করে যুক্তরাজ্যে পাঠাচ্ছে আন্তর্বর্তী সরকার।
তাকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, তিন বছরের জন্য ওমর বিন হাদিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।
শর্ত হল, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তিনি কোনো কর্মসম্পর্ক রাখতে পারবে না।
ওমর বিন হাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়।সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

