ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আজকে গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, ফেস্টিভ মোডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব।

“আপনার দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মত ঈদুল ফিতর বা ঈদুল আযহার মত মানুষ ট্রেনে বাসে, লঞ্চে, গ্রামেগঞ্জে চলে গেছে। আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে।”

সিইসির কথায়, অনেকদিন পরে ভোটের ‘একটা আমেজ যে সৃষ্টি হয়েছে’।

তিনি বলেন, “সবাই ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে।”

নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কথা জানিয়ে সিইসি বলেন, “আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, একটা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে ২০২৪ সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশআল্লাহ।”

এ দেশে আর কোনো ‘পাতানো নির্বাচন হবে না’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমার পক্ষে না, আবার কারো বিপক্ষেও না।”

 “আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতায়।”

Share.
Exit mobile version