ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতিতে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার, ১০ মার্চ হতে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

এদিন সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানিয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্র্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার পর দেশটি পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে ইরান।

তাদের হামলায় সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ অবস্থায় প্রবাসী কর্মীদের জন্য দেশে নিয়ন্ত্রণ কক্ষ খুলল সরকার।

ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখানে কর্মকর্তা ও কর্মচারীরা তিন পালায় দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অফিস আদেশে আরো বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও অফিস আদেশে বলা হয়েছে, “আজ (মঙ্গলবার) থেকে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশের শ্রমকল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করবেন।”

Share.
Exit mobile version