বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের  পার্লামেন্টের স্পিকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের তথ্য দিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি মঙ্গলবার তার এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের আসার তথ্য জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।”

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

 ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান খালেদা জিয়া। বুধবার সকালে হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠে তার জানাজা হবে।

Share.
Exit mobile version