ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ বগুড়া-আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার এ দুই আসনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।

ঢাকা-১৭

দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম।

গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

বগুড়া-

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক এলাকা বগুড়ার সদর (বগুড়া-৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বেলা আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।

এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি।

গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ।

Share.
Exit mobile version