বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে প্রায় পৌনে তিন লাখ মানুষের মৃত্যু হয়, যার ৮০ শতাংশই স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ায় টিএমএসএস হার্ট সেন্টার ‘ডোন্ট মিস এ বিট’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা হৃদরোগের ঝুঁকি এড়াতে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপমুক্ত থাকা এবং পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তারা।
বক্তারা টিএমএসএস হার্ট সেন্টারে এনজিওগ্রাম, স্টেনটিং, করোনারি আর্টারি বাইপাস সার্জারিসহ বিভিন্ন উন্নত চিকিৎসা সুবিধার কথা তুলে ধরেন। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীন, উপদেষ্টা আয়েশা বেগম এবং হার্ট সেন্টারের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. মজিবর রহমানসহ অন্যরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাইক্লিং, ম্যারাথন দৌড় এবং ‘সাঁতার কাটুন, হৃদয় সুস্থ রাখুন’ বার্তায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া টিএমএসএস হাসপাতাল চত্বর এবং শহরের সাতমাথায় দুটি হেলথ চেকআপ বুথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও খাদ্যাভ্যাস বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এর আগে, বগুড়া বিএমএ-এর সভাপতি অধ্যাপক মো. আজফারুল হাবিব দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক মো. মতিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

