কানাডায় ৫১ বছর আগে হাইস্কুলে হারিয়ে যাওয়া নিজের ওয়ালেটটি ফিরে পেয়েছেন টম শপ্ফ নামের এক ব্যক্তি। বর্তমানে ৬৭ বছর বয়সী শপ্ফের ওয়ালেটটি তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান অরচার্ড পার্ক সেকেন্ডারি স্কুলের শৌচাগারের দেয়ালের ভেতর থেকে সম্প্রতি উদ্ধার করা হয়।
অন্টারিওর স্টোনি ক্রিকের ওই স্কুলটিতে গত ২৬ আগস্ট সংস্কারকাজ চলার সময় নির্মাণশ্রমিকেরা একটি শৌচাগারের দেয়াল ভাঙলে এর ভেতর থেকে ওয়ালেটটি বেরিয়ে আসে।
স্কুলের তত্ত্বাবধায়ক লর্না ম্যাককুইন জানান, ওয়ালেটটি পরীক্ষা করে ভেতরে থাকা কাগজপত্রের মাধ্যমে এর মালিককে শনাক্ত করা হয়। এটি ১৯৭৪ সালে ওই স্কুলের ১৭ বছর বয়সী ছাত্র টম শপ্ফের ছিল। এরপর স্কুল কর্তৃপক্ষ ফেসবুকে অনুসন্ধান চালিয়ে তার সঙ্গে যোগাযোগ করে। ম্যাককুইন বলেন, “আমরা ভাবলাম, এই ব্যক্তিকে খুঁজে বের করে যদি তাঁকে এটা ফেরত দিই, তবে কেমন হয়। ৫১ বছর পর তিনি নিশ্চয়ই এটা ফেরত পেতে চাইবেন।”
প্রথমে স্কুল থেকে যোগাযোগ করা হলে শপ্ফ বিষয়টিকে রসিকতা বলে মনে করেছিলেন। কারণ তাকে বলা হয়েছিল, ওয়ালেটের ভেতরে একটি সোশ্যাল ইনস্যুরেন্স কার্ড ও জন্মসনদ রয়েছে, যা তিনি অনেক আগেই নবায়ন করেছেন। তবে পরে তার মনে পড়ে যে তিনি একসময় পুরনো কাগজপত্রগুলো হারিয়ে ফেলেছিলেন। এরপরই তিনি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত ২৯ আগস্ট স্কুলে গিয়ে শপ্ফ ওয়ালেটটি তার নিজের বলে শনাক্ত করেন। ওয়ালেটটির ভেতরে তার শিক্ষার্থী আইডি, ড্রাইভিং লাইসেন্স, পরিবার ও বন্ধুদের ছবি, ট্রেনের ট্রানজিট পাস, একটি মদ প্রস্তুতকারক কোম্পানির মূল্য তালিকা এবং ৩৫ সেন্ট মূল্যের একটি হকি ম্যাচের টিকিট অক্ষত অবস্থায় পাওয়া যায়। শৈশবের বাড়ির একটি ছবি দেখে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন বলে জানান।

