প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার তাৎক্ষণিক প্রভাবে দেশটির গণমাধ্যম সংস্থাগুলোর শেয়ারে দরপতন ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপের কথা জানান।

ট্রাম্পের এই ঘোষণার পরই নেটফ্লিক্সের শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে যায়। এর আগে গত মে মাসে তিনি চলচ্চিত্র শিল্পের ওপর শুল্ক আরোপের ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু না জানানোয় খাতটিতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল।

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, “অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে আমাদের চলচ্চিত্র নির্মাণের ব্যবসা চুরি করেছে। এটা অনেকটা ‘শিশুর কাছ থেকে চকলেট কেড়ে নেওয়ার মতো’।”

চলচ্চিত্রের পাশাপাশি অন্যান্য বিদেশি পণ্যের ওপরও আক্রমণাত্মক বাণিজ্য নীতি অব্যাহত রেখেছেন ট্রাম্প। তিনি এরই মধ্যে আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রীর ছোট আলমারির ওপর ৫০ শতাংশ এবং অন্যান্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এই হার আরও বাড়তে পারে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বিদেশি পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক আরোপ করে আসছেন। এর অংশ হিসেবে সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে তিনি বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছেন।

Share.
Exit mobile version