ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগের হামলাতেই দ্বীপটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এরপরও সেখানে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাতে পারে।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও খার্গ দ্বীপে হামলা চালাতে পারে। তার ভাষায়, “আমরা হয়তো নিছক মজা করেই আরও কয়েকবার সেখানে আঘাত হানতে পারি।”
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল খার্গ দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তবে সর্বশেষ মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সেখানে আরও আঘাত হানতে পারে মার্কিন বাহিনী।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৫তম দিনে এসে ইরানের জ্বালানি খাতের ‘হৃদপিণ্ড’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রায় ২০ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।
ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তবে ইচ্ছাকৃতভাবেই সেখানে থাকা তেল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ার করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তাহলে খার্গ দ্বীপের তেল স্থাপনাগুলোও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ থামাতে একটি চুক্তি করতে আগ্রহী বলে মনে হচ্ছে। তবে সম্ভাব্য সেই চুক্তির শর্ত এখনো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি।
তিনি বলেন, “ইরান চুক্তি করতে চাইলেও শর্তগুলো এখনও ঠিকঠাক নয়।”



