যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিএনপি কর্মীর নাম রিয়াজ রহমান হোসাইন। আর মারধরের শিকার হওয়া ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়েছিলেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী, বিবদমান দুটি দলের সমর্থকদের জাতিসংঘ সদর দপ্তরের সামনের তিনটি সড়কের দুই পাশে অবস্থানের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যেই এই মারধর ও গ্রেপ্তারের ঘটনাটি ঘটে।

