অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙার লক্ষ্যে আয়োজিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে যোগ দিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ আয়োজিত এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতে তিনি আগামীকাল ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

শনিবার বিকেলে রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম তার এই যাত্রার উদ্দেশ্য ও পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ২০০৭ সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে এবং ইসরায়েল সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। এই ভয়াবহ বাস্তবতা ইসরায়েলি গণমাধ্যমগুলো উপেক্ষা করে চলেছে, যা ভাঙতেই এই মিডিয়া ফ্লোটিলার আয়োজন।

শহিদুল আলম বলেন, “এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে। যাওয়ার পর আমি প্রতিদিনই যতটা সম্ভব তথ্য ও ছবি পাঠাতে চেষ্টা করব।” তিনি আরও জানান, জানামতে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এ ধরনের ফ্লোটিলায় অংশ নিচ্ছেন।

এবারের অভিযানে ৫০টির বেশি নৌকা অংশ নিচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। প্রায় ১০০ জন যাত্রী নিয়ে তার নৌকাটি যাত্রা করবে, যার এক-তৃতীয়াংশ সাংবাদিক, এক-তৃতীয়াংশ চিকিৎসক এবং বাকিরা আয়োজক। ৪৪টি দেশের প্রতিনিধিরা এই ফ্লোটিলায় যোগ দিচ্ছেন।

এই যাত্রার ঝুঁকি সম্পর্কে তিনি বলেন, “এই যাত্রায় অনেক বিপদ থাকতে পারে। কোনো নিশ্চয়তা নেই। আমরা আদৌ পৌঁছাতে পারব কি না, জানি না। এসব মেনে নিয়েই সবাই অংশ নিচ্ছে।” এর আগে ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে বিভিন্ন ফ্লোটিলা গাজায় পৌঁছানোর চেষ্টা করলেও ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকাংশই ব্যর্থ হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, দৃকের ব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান, উপব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং পরিচালক সায়দিয়া গুলরুখ।

Share.
Exit mobile version