সিলেটে সম্প্রতি গাড়ি ভাঙচুর ও সহিংসতার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় ব্যাটারিচালিত রিকশাচালকদের দুই শীর্ষ সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি ও বাসদ নেতা আবু জাফর এবং ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। এই দুজন দীর্ঘদিন ধরে সিলেটে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গত বুধ ও বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি চলাকালে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামে দুজন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের মাত্র এক ঘণ্টা আগে, দুপুর দেড়টার দিকে আবু জাফর ও প্রণব জ্যোতি পালের নেতৃত্বে একটি কর্মসূচি শেষ হয়েছিল। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরের আম্বরখানা থেকে শুরু হয়ে চৌহাট্টায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে তারা ব্যাটারিচালিত যানের জন্য নীতিমালা চূড়ান্ত করে নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার দাবি জানান।

