জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে।

রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন বাঁকে এসে দাঁড়িয়েছে, সে সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এত দিন আট দল কাজ করে আসছে। তার সঙ্গে আরও দুটি দল সম্পৃক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি। আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে।

এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, তারা (এনসিপি নেতারা) এই সংবাদ সম্মেলনে আসার সময় ও সুযোগ পাননি। এ ছাড়া দলীয় পরিসরে সভা করবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আট দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের সিদ্ধান্ত দলগুলোকে জানিয়েছেন। আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

১০ দল মজবুত নির্বাচনী সমঝোতায় এক হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সারা দেশের ৩০০ আসন (প্রার্থী) নির্ধারণ করেছে।

আসন সমঝোতার বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট (প্রায় শেষ)। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ-আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারব, আপনারা দোয়া করবেন। এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে আমরা খুবই আস্থাশীল।’

সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বাঁ পাশে বসেছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

Share.
Exit mobile version