তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানার দ্বিতীয় মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।
পাকিস্তানের এক বিশেষ আদালত শনিবার এ আদেশ দেন।
এই মামলাটি খ্যাতিমান ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির দামি একটি গহনা সেট কেনা সম্পর্কিত। ২০২১ এর মে মাসে সৌদি আরব এক সরকারি সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানকে উপহার দিয়েছিলেন। এই গহনার সেটটি সরকারি তোষাখানায় জমা হওয়ার কথা থাকলেও ইমরান দম্পতি তা অল্প দামে কিনে নিয়েছিলেন, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
মামলার কার্যক্রম চলাকালীন রাষ্ট্রপক্ষ দাবি করে যে, প্রায় ৮ কোটি পাকিস্তানি রুপি মূল্যের গহনার সেটটি মাত্র ২৯ লাখ রুপি পরিশোধ করে নিজের কাছে রেখে দেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে শুনানিকালে এ রায় দেন বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ। ইমরান এই কারাগারেই বন্দি আছেন।
ডন জানিয়েছে, এই মামলায় ইমরান ও বুশরা বিবিকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের উভয়কেই এক কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে যা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি পাবে।
এ দণ্ড কার্যকর করার সময় তাদের আটকের সময়কাল বিবেচনা করা হবে।
গত বছরের ডিসেম্বরে ইমরান ও বুশরা এই মামলায় অভিযুক্ত হন। চলতি বছরের অক্টোবরে এই মামলায় আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেন তারা। ইমরানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে দূরভিসন্ধিমূলকভাবে বানোয়াট এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান ১৯ কোপি পাউন্ডের এক দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। ২০২৩ সালের ৯ মে-র প্রতিবাদকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেও একটি মামলার বিচার চলছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির ওই মামলায় বুশরা বিবিও সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

