ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
রোববার রাতে যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তাদের দলের এমন অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন।
এর তিন দিনের মাথায় জামায়াত তরফে এমন ঘোষণা দিলেন দলটির নায়েবে আমির তাহের।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন। এরমধ্যে বরিশাল ৬ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে জামায়াত। এ আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যায় জামায়াতের প্রতিনিধিদলটি।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়সহ ইসলামী আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন নায়েবে আমির তাহের।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নেওয়া জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের আমির মো. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
