হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

শনিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য দেশের জাহাজগুলোর জন্য প্রণালিটি পার হওয়ার ক্ষেত্রে ইরান কোনো বাধা দিচ্ছে না।

তবে নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক জাহাজ সেখানে যেতে সাহস করছে না বলে মন্তব্য করেন তিনি।

আরাকচি বলেন, “এ বিষয়ে ইরানের কিছু করার নেই। এখনো অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরানের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র প্রণালিটি ‘উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প তার পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর নাম উল্লেখ করে আশা প্রকাশ করেন যে তারা প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি আহত এবং সম্ভবত বিকলাঙ্গ হয়ে গেছেন।

এই দাবি প্রত্যাখ্যান করে আরাকচি বলেন, “সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকালই তার বার্তা দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা এবং এটি কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

এদিকে শনিবার পরে ট্রাম্প আবার দাবি করেন, তিনি শুনেছেন মুজতাবা খামেনি হয়তো জীবিত নেই।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি তিনি জীবিত থাকেন, তাহলে দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা।”

জেনেভায় আলোচনার সময় ইরানের কাছে ১১টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম রয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা অস্বীকার করেছেন আরাকচি।

তিনি বলেন, আলোচনায় তিনি শুধু ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়ামের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন, যা তাত্ত্বিকভাবে ১০টি বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

আরাকচির দাবি, মার্কিন প্রতিনিধিরা হয়তো বিষয়টি ভুল বুঝেছেন, অথবা আগ্রাসনকে বৈধতা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, একদিন আলোচনায় আসলে কী কথা হয়েছিল তা প্রকাশ পাবে বলে তিনি আশা করেন।

Share.
Exit mobile version