দুর্নীতির অভিযোগে দুদকের তৎপরতার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার এ বিষয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, এজাজের মেয়াদ এমনিতেই এক দিন পর শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ আর না বাড়িয়ে তার পরিবর্তে একজন অতিরিক্ত সচিবকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ কাজ করবেন। বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতাও পাবেন।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তখন ঢাকা উত্তর সিটির দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর অংশ হিসেবে এজাজকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। পরে গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের অংশীদারত্ব, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

Share.
Exit mobile version