আসন্ন জাতীয় নির্বাচনকে ‘দেশের ভবিষ্যৎ নির্ধারক’ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন কেবল নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দল, জনগণ এবং গণমাধ্যমসহ সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এই আহ্বান জানান।

সিইসি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বলেন, ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশন কাজ করে যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ করার সময় প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, নারী ভোটারদের নিবন্ধন বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের ফলে এবার বিপুল সংখ্যক নারী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সিইসি বলেন, কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এই ‘শংকর’ পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে নিবন্ধনের পর ডাকযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংলাপে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “জনমত গঠন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version