বেলজিয়ামে পোস্টডক্টরাল গবেষণারত এক চীনা নাগরিক স্থায়ী চাকরি না পেয়ে স্ত্রীর সঙ্গে মিলে নুডলসের দোকান দিয়েছেন। ৩৭ বছর বয়সী ডিং নামের ওই গবেষক ও তার স্ত্রী ওয়াং এখন নুডলস বিক্রি করেই দিনে এক হাজার ইউরোর বেশি (প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা) আয় করছেন।
চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ডিং নিজ দেশে পিএইচডি শেষ করে বেলজিয়ামে পাড়ি জমান। সেখানে তিনি মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদন বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা শুরু করেন এবং প্রায় ৩০টির মতো গবেষণা প্রবন্ধও প্রকাশ করেন। কিন্তু গবেষণার পাশাপাশি একটি স্থায়ী চাকরির সন্ধান করেও ব্যর্থ হন তিনি।
এরপরই স্ত্রী ওয়াংয়ের উদ্যোগে তিনি শামিল হন। গত মে মাসে তারা বেলজিয়ামের একটি স্থানীয় বাজারে নুডলস বিক্রি শুরু করেন। তারা মূলত ওয়াংয়ের জন্মস্থান চংকিংয়ের ঐতিহ্যবাহী ঝাল মটর নুডলস বিক্রি করেন। যদিও স্থানীয়দের স্বাদের কথা ভেবে তারা ঝালের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন।
তাদের দোকানে কয়েকটি চেয়ার এবং আগে থেকে প্রস্তুত করা নুডলসের উপকরণ থাকে। ক্রেতার অর্ডার পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই খাবার পরিবেশন করা হয়। প্রতিটি বাটির দাম রাখা হয় ৭ থেকে ৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। সপ্তাহে মাত্র দুই দিন দোকান খুললেও ব্যস্ত দিনগুলোতে তাদের আয় হাজার ইউরো ছাড়িয়ে যায়।
চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডিং ও ওয়াংয়ের পরিচয় হয়। ২০১৫ সালে বিয়ের পর তারা বেলজিয়ামে স্থায়ী হন। তাদের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। শুধু চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেই তাদের ৭৮ হাজারের বেশি অনুসারী রয়েছে।
ওয়াং জানান, ছোটবেলা থেকে খেয়ে বড় হওয়া এই খাবারটি নিয়ে দোকান দেওয়ার স্বপ্ন তার অনেক দিনের। অন্যদিকে ডিং বলেন, ‘পরিবারকে টিকিয়ে রাখতেই আমি সবকিছু করছি, সেটা গবেষণা হোক বা নুডলস বিক্রি।’

