প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরান এক অনুষ্ঠানে ইরানিরা শেষ বিদায় জানাবে বলে দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাত থেকে বিদায় জানানো শুরু হবে, তিনদিন ধরে তা চলবে। জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে।

ইরানের ইসলামী প্রচারণা পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম মাহমুদি জানান, বুধবার স্থানীয় সময় রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি নামাজের হলে জনসাধারণ প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

“মোসাল্লা (নামাজ হল) দর্শণার্থীদের স্বাগত জানাবে এবং প্রিয় জনগণ সেখানে যোগ দিয়ে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারবে এবং ফের একবার শক্তিশালী উপস্থিতির স্বাক্ষর রাখবে,” ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এ মন্তব্য প্রচারিত হয়েছে।

প্রায় চার দশক ধরে শক্ত হাতে ইরান চালানো আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। সেসময় ইরানের সর্বোচ্চ নেতার বয়স ছিল ৮৬ বছর।

Share.
Exit mobile version